নিজস্ব প্রতিবেদক::
দেশীয় লবণ শিল্প রক্ষা ও প্রান্তিক চাষিদের ন্যায্য দাম নিশ্চিত করতে গত বছর থেকেই সক্রিয়ভাবে চেষ্টা করে আসছিলেন মহেশখালীর সন্তান শাহরিয়ার মুহাম্মদ ইয়ামিন। লবণ আমদানি বন্ধ, স্থানীয় উৎপাদনের প্রসার এবং চাষিদের স্বার্থ রক্ষার বিষয়ে তিনি একাধিকবার শিল্প উপদেষ্টা আদিল ও বিসিকের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন।
জানা যায়, তার আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বিসিককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনাও দেওয়া হয়েছিল। তবে বাস্তবে সেই উদ্যোগ আর এগোয়নি। স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে, শক্তিশালী একটি সিন্ডিকেটের কারণে পুরো প্রক্রিয়াটি মাঝপথেই আটকে যায়।
এই প্রেক্ষাপটে শুক্রবার (৯ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন শাহরিয়ার মুহাম্মদ ইয়ামিন। পোস্টে তিনি নতুন উৎপাদন মৌসুম শুরুর মুখে এক লাখ টন লবণ আমদানির সিদ্ধান্তকে দেশীয় লবণখাতের জন্য মারাত্মক হুমকি হিসেবে উল্লেখ করেন।
তিনি লেখেন, আমদানির ফলে বাজারে লবণের দাম পড়ে যাবে, এতে প্রান্তিক চাষিরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবেন এবং দীর্ঘমেয়াদে দেশীয় লবণ উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। এ অবস্থায় অবিলম্বে এক লাখ টন লবণ আমদানির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তিনি।
স্থানীয় লবণচাষি ও সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদন মৌসুমের শুরুতেই আমদানির এমন সিদ্ধান্ত দেশীয় শিল্পকে চাপে ফেলবে। তারা সরকারের কাছে দেশীয় লবণ শিল্প রক্ষায় কার্যকর ও বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

