এম.এ.কে.রানা,মহেশখালী ::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (১০ জানুয়ারি) ইসিতে অনুষ্ঠিত শুনানি শেষে কমিশন তার মনোনয়নপত্র বৈধ বলে রায় দেয়।
এর আগে গত ২ জানুয়ারি কক্সবাজারের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন। বাতিলের কারণ হিসেবে উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে থাকা একটি আদালত অবমাননার মামলার তথ্য হলফনামায় গোপন করা হয়েছে। পাশাপাশি পূর্বের কিছু আইনি প্রক্রিয়ার জটিলতার কথাও রিটার্নিং কর্মকর্তা উল্লেখ করেন।
মনোনয়ন বাতিলের বিরুদ্ধে প্রার্থী পক্ষ থেকে আপিল করা হলে নির্বাচন কমিশন বিষয়টি শুনানির জন্য গ্রহণ করে। শুনানি শেষে সব দিক বিবেচনায় নিয়ে কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
ইসির এই সিদ্ধান্তের ফলে কক্সবাজার-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে হামিদুর রহমান আযাদের নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনি বাধা রইল না।

