নিজস্ব প্রতিবেদক::
সামাজিক বিভিন্ন ইস্যুতে ধারাবাহিক, নিরপেক্ষ ও জনস্বার্থভিত্তিক সংবাদ পরিবেশনের জন্য মাতারবাড়ী বার্তা২৪ কে সম্মাননা স্মারক প্রদান করেছে মরহুম ছিদ্দিক আহমদ চৌধুরী সমাজ কল্যাণ ফাউন্ডেশন।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে মাতারবাড়ীতে আয়োজিত ইঞ্জিনিয়ার আপন চৌধুরী প্রদত্ত মরহুম সাইফুল কাদের চৌধুরী স্মৃতি ফুটবল চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল খেলা শেষে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হয়। ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ ও বিপুল দর্শক সমাগম।
অনুষ্ঠানের এক পর্যায়ে ফাউন্ডেশনের পক্ষ থেকে মাতারবাড়ী বার্তা২৪ এর সামাজিক দায়িত্ববোধ, অনুসন্ধানী প্রতিবেদন এবং স্থানীয় জনগণের দাবি-দাওয়ার বিষয়গুলো সাহসিকতার সঙ্গে তুলে ধরার অবদান তুলে ধরা হয়। এরপর সংগঠনের নেতৃবৃন্দ সম্মাননা ক্রেস্ট মাতারবাড়ী বার্তা২৪ এর এডমিন ও সাংবাদিক এম.এ.কে. রানার হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, মাতারবাড়ী বার্তা২৪ নিয়মিতভাবে দুর্নীতি, অনিয়ম, জনভোগান্তি ও উন্নয়ন সংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরে মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করছে। এমন দায়িত্বশীল সাংবাদিকতার স্বীকৃতি দেওয়া সময়ের দাবি ছিল।
সম্মাননা প্রাপ্তিতে কৃতজ্ঞতা প্রকাশ করে এম.এ.কে. রানা বলেন, “এই সম্মাননা আমাদের জন্য বড় অনুপ্রেরণা। এটি শুধু মাতারবাড়ী বার্তা২৪ এর নয়, বরং সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করা সব সাংবাদিকের সম্মান। ভবিষ্যতেও সামাজিক ইস্যুতে আপসহীন থেকে জনস্বার্থে কাজ করে যাওয়ার অঙ্গীকার করছি।”
অনুষ্ঠানে মরহুম ছিদ্দিক আহমদ চৌধুরী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

