এম.এ.কে. রানা ::
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাতারবাড়ীতে ছাত্র সমাবেশ ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) রাতে মাতারবাড়ী ইউনিয়ন ভূমি অফিস মাঠ প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে ইউনিয়ন ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ ত্বোহা রেজা কাদেরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেফায়েত হোছাইন কাদেরীর সঞ্চালনায় সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী যুবসেনা মাতারবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মিনহাজুল আবেদীন কাদেরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মামুনুর রশীদ নূরী, মাওলানা আলতাফ রেজা কাদেরী, মাওলানা শেফায়েত উল্লাহ তাহেরী, মাওলানা সোবারেক হোসাইন কাদেরী, মাওলানা আতিক রেজা কাদেরী, মাওলানা অহিদুল ইসলাম কাদেরী, রাজিবুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, সুন্নী মতাদর্শভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ইসলামী ছাত্রসেনা গত ৪৬ বছর ধরে ছাত্র সমাজকে আদর্শবান হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্রসেনার কর্মীরা দেশপ্রেমিক ও আদর্শ নাগরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

বক্তারা আরও বলেন, ইসলামী ছাত্রসেনার দাওয়াত আজ সারাদেশের জেলা, উপজেলা, ইউনিয়ন, বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন স্তরে পৌঁছে গেছে। এই আদর্শে গড়ে ওঠা একজন মানুষ কখনো সমাজের বোঝা হয় না; বরং মানবিক ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ জীবন গড়ে তোলে।

সমাবেশে বক্তারা ছাত্রদের আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার পাশাপাশি কোরআন-সুন্নাহর আলোকে দেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী ছাত্রসেনায় যোগ দেওয়ার আহ্বান।
অনুষ্ঠান শেষে মিলাদ-কিয়াম ও বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে পুরো আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।


