এম.এ.কে.রানা, মহেশখালী:
কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের বিভিন্ন অলিগলি ও জনবসতিপূর্ণ এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

২৩ জানুয়ারি (শুক্রবার) বিকেলে ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ডের বিভিন্ন অলিগলি ও জনবসতিপূর্ণ এলাকায় গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে তিনি নারী ভোটারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় স্থানীয়রা রাস্তা-ঘাটের বেহাল অবস্থা, পানীয় জলের সংকট, কর্মসংস্থানের অভাব, বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবা সংকটসহ নানা সমস্যা তুলে ধরেন। প্রার্থী মনোযোগ দিয়ে এসব কথা শোনেন এবং নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সমস্যাগুলোর সমাধানে কাজ করার আশ্বাস দেন।

আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, মহেশখালী ও কুতুবদিয়ার মানুষ দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এই অঞ্চলের উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে একটি জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। তিনি আরও বলেন, জনগণের ভোট ও ভালোবাসা পেলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

গণসংযোগে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রার্থীর পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। পুরো গণসংযোগকালে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আগ্রহ লক্ষ্য করা যায়। স্থানীয়দের অনেকেই ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন ও আশাবাদ ব্যক্ত করেন।

