এম.এ.কে.রানা,মহেশখালী◾
আগামী ৯ আগস্ট (রোববার) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে সংক্ষিপ্ত সফরে আসছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের লক্ষ্যে এ সফর অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সকাল ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। সকাল সাড়ে ১০টায় মাতারবাড়ি পৌঁছে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দরের চলমান নির্মাণকাজ পরিদর্শন করবেন।

এ সময় প্রধানমন্ত্রী মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনের পাশাপাশি মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা)-এর চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতিও পর্যালোচনা করবেন। সংশ্লিষ্ট প্রকল্পগুলোর বাস্তবায়ন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং জাতীয় অর্থনীতিতে এসব প্রকল্পের সম্ভাব্য অবদান সম্পর্কে তিনি কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত অবহিত হবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, এলএনজি অবকাঠামো এবং শিল্পায়নকে ঘিরে গড়ে ওঠা সমন্বিত উন্নয়ন পরিকল্পনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সরকারের সংশ্লিষ্ট মহল মনে করছে। প্রধানমন্ত্রীর এ সফরকে সেই উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট প্রকল্প কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সফরস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
মহেশখালীবাসীর প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে মাতারবাড়ীকেন্দ্রিক চলমান মেগা প্রকল্পগুলোর বাস্তবায়ন আরও ত্বরান্বিত হবে এবং জাতীয় অর্থনীতির পাশাপাশি স্থানীয় জনগণের কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা ও সামগ্রিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

