নিজস্ব প্রতিবেদক:
টানা তিন দিন বন্ধ থাকার পর অবশেষে আগামীকাল শনিবার (১১ জুলাই) সকাল থেকে মহেশখালী–কক্সবাজার নৌরুটে সি-ট্রাক চলাচল পুনরায় শুরু হচ্ছে। ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে সেবা বন্ধ থাকায় গত কয়েক দিন ধরে এ রুটে চলাচলকারী হাজারো যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। সি-ট্রাক পুনরায় চালুর খবরে স্বস্তি প্রকাশ করেছেন মহেশখালী ও কুতুবদিয়ার সাধারণ মানুষ।
জানা গেছে, সি-ট্রাকের প্রধান ইঞ্জিনে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় গত তিন দিন ধরে নৌযানটির চলাচল বন্ধ ছিল। এ সময় নিয়মিত যাত্রীদের বিকল্প হিসেবে স্পিডবোট, ট্রলার ও অন্যান্য নৌযানে যাতায়াত করতে হয়। এতে অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে অনেককে। পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে ঝুঁকি নিয়েও নৌপথে চলাচল করতে হয়েছে যাত্রীদের।
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন জরুরি চিকিৎসাসেবাপ্রার্থী রোগী, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ প্রতিদিন মহেশখালী থেকে কক্সবাজারে যাতায়াতকারী মানুষ। সি-ট্রাক বন্ধ থাকায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেকেই গুরুত্বপূর্ণ কাজ থেকে বঞ্চিত হন।
এদিকে, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে মহেশখালী–কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ করেন বলে তাঁর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। সরকারি দাপ্তরিক কাজ শেষে ঢাকা থেকে ফিরে তিনি পুনরায় সি-ট্রাকের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং দ্রুত মেরামতকাজ সম্পন্ন করে সেবা চালুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় তাগিদ দেন।
সূত্র আরও জানায়, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে শনিবার সকাল থেকে সি-ট্রাক চলাচল পুনরায় শুরু করার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। ইতোমধ্যে যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ সম্পন্ন হয়েছে এবং নৌযানটি চলাচলের জন্য প্রস্তুত রয়েছে।
স্থানীয় সচেতন মহল বলছেন, মহেশখালী–কক্সবাজার নৌরুট দ্বীপাঞ্চলের মানুষের অন্যতম প্রধান যোগাযোগ মাধ্যম। তাই সি-ট্রাক দীর্ঘ সময় বন্ধ থাকলে সাধারণ মানুষের দুর্ভোগ বহুগুণ বেড়ে যায়। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও বিকল্প নৌযানের ব্যবস্থা রাখার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় বাসিন্দারা আশা করছেন, শনিবার থেকে সি-ট্রাক পুনরায় চলাচল শুরু হলে মহেশখালী–কক্সবাজার নৌরুটে যাত্রীদের ভোগান্তি কমবে, স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরে আসবে এবং ব্যবসা-বাণিজ্যসহ দৈনন্দিন কার্যক্রমও গতিশীল হবে।

