নিজস্ব প্রতিবেদক ::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজারের মহেশখালী উপজেলায় নৌবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে উপজেলার কালারমারছড়া বাজার, হুয়ানক টাইম বাজার, বড় মহেশখালী নতুন বাজার ও ঘোরকঘাটা বাজার এলাকায় নৌবাহিনীর নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হয়।
টহল চলাকালে নৌবাহিনীর সদস্যরা বাজার ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কসমূহে নজরদারি বাড়ান, সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ করেন এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে নিরাপত্তা বিষয়ে আশ্বস্ত করেন।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনের আগ পর্যন্ত এবং প্রয়োজন অনুযায়ী টহল ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি কঠোরভাবে মোকাবিলা করা হবে বলেও জানানো হয়।
এদিকে নৌবাহিনীর টহলে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা বলেন, নির্বাচনের সময় এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

