এম.এ.কে.রানা, মহেশখালী
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহেশখালী দ্বীপ রক্ষায় জনগণের ন্যায্য দাবিগুলো স্পষ্টভাবে নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত ও নির্বাচন-পরবর্তী বাস্তবায়নের আহ্বান জানিয়ে প্রার্থীদের কাছে লিখিত আবেদন করেছে সামাজিক ও উন্নয়নমূলক সংগঠন মহেশখালী জন-সুরক্ষা মঞ্চ।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে মাতারবাড়ীতে মহেশখালী–কুতুবদিয়া আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ–এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মো. মহসিন–এর নেতৃত্বে জন-সুরক্ষা মঞ্চের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে মহেশখালীর পরিবেশগত সমস্যা নিরসন, কৃষিজমি রক্ষা, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পসহ বিভিন্ন মেগা প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি জানানো হয়। পাশাপাশি দ্বীপের মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে— স্থানীয়দের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন, কোহেলিয়া নদী ও পরিবেশ রক্ষা, কারিগরি শিক্ষা ও বিকল্প জীবিকায়ন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও উপকূলীয় নিরাপত্তা জোরদার, জেলে ও মৎস্যচাষিদের অধিকার ও সহায়তা নিশ্চিতকরণ, সমন্বিত কৃষি ও সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন, দ্বীপের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত বর্গাচাষি ও শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ এবং বিদ্যমান প্যারাবন রক্ষা করে নতুন প্যারাবন সৃজন।
মহেশখালী জন-সুরক্ষা মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক জানান, পর্যায়ক্রমে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীদের কাছেও একইভাবে জনদাবী পেশ করা হবে।
এ সময় জামায়াতে ইসলামীর প্রার্থী ড. হামিদুর রহমান আযাদ বলেন, “মহেশখালী জন-সুরক্ষা মঞ্চের দাবিগুলো মহেশখালী মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। এগুলো যৌক্তিক ও সময়োপযোগী। নির্বাচিত হলে মহেশখালী দ্বীপ রক্ষায় এসব দাবির বাস্তবায়নে যথাযথ ভূমিকা রাখব।”

