এম.এ.কে. রানা, মহেশখালী
কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে চারটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তিল তিল করে জমানো সব আসবাবপত্র, মালামাল, নগদ অর্থ ও স্বর্ণালংকার পুড়ে গেছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে ধলঘাটা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত বসতঘরগুলোর মালিক হলেন সিকদার পাড়া এলাকার বদন ফকিরের দুই ছেলে আজিজুল হক ও এনামুল হক। অপর দুইজন হলেন মোজাম্মেল ও আমির হোসাইন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে হঠাৎ একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে উঠে পাশের আরও তিনটি ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে পাশের পুকুর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে চারটি ঘরই সম্পূর্ণভাবে পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুনে তাদের ঘরে থাকা প্রায় এক লাখ টাকা নগদ অর্থ, স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় সব জিনিসপত্র পুড়ে গেছে। তারা এখন চরম মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছেন।
এ বিষয়ে ধলঘাটা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য আছান উল্লাহ বলেন, “এই অগ্নিকাণ্ডে অসহায় মানুষগুলোর স্বপ্ন পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের পাশে দাঁড়ানো এখন আমাদের সবার দায়িত্ব। ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।”
তিনি সমাজের বিত্তবানদেরও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

