নিজস্ব প্রতিবেদক ::
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে পশু লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ৩৫ থেকে ৪০ জন মানুষের কাছ থেকে জামানত হিসেবে ১০ থেকে ১২ লাখ টাকা নিয়ে উধাও হয়েছে একটি প্রতারক চক্রের দুই সদস্য।
খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে এই প্রতারক চক্রের সদস্যরা মাতারবাড়ী ইউনিয়নের উত্তর রাজঘাট, খন্দারবিল, সিকদার পাড়া, লাইল্যাঘোনা ও মগডেইল এলাকায় পশু লোন দেওয়ার নাম করে সাধারণ মানুষ, বিশেষ করে নারীদের টার্গেট করে আসছিল। বিশ্বাসযোগ্যতা তৈরির জন্য তারা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে লোন দেওয়ার কেন্দ্র স্থাপন করে এবং কক্সবাজারের কালারমারছড়া এলাকার আফজলিয়া পাড়ায় একটি অফিস দেখিয়ে গ্রাহকদের আশ্বস্ত করে।
ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, গত ২৫ জানুয়ারি পশু লোন দেওয়ার কথা বলে ওই দুই প্রতারক মাতারবাড়ীর প্রায় ৩৫/৪০ জন নারী-পুরুষের কাছ থেকে জামানত হিসেবে নগদ ১০–১২ লাখ টাকা সংগ্রহ করে। টাকা নেওয়ার পরদিন লোন দেওয়ার কথা থাকলেও এরপর থেকেই প্রতারকরা আত্মগোপনে চলে যায়।
প্রতারকদের ব্যবহৃত মোবাইল নম্বর ০১৬৩১৫৬৬৪৩৮ ও ০১৩০২৫৯৯৭০৬ বর্তমানে বন্ধ পাওয়া যাচ্ছে এবং তাদের কোনো খোঁজ মিলছে না।
ভুক্তভোগীরা জানান, অনেকেই ধার-কর্জ করে পশু লোনের আশায় জামানতের টাকা দিয়েছিলেন। টাকা দেওয়ার পর থেকেই প্রতারকদের ফোন বন্ধ পাওয়া যায়। এতে করে দেনাদাররা প্রতিদিন ৩–৪ বার করে বাড়িতে এসে চাপ সৃষ্টি করছে, ফলে তারা চরম মানবেতর জীবনযাপন করছেন।
ভুক্তভোগীরা আরও জানান, প্রতারক চক্রের দুই সদস্যের সন্ধান পেলে অথবা তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা গেলে ০১৪০০৪৬৬৭৯৩ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

