নিজস্ব প্রতিবেদক ::
মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে অবস্থিত তা’মিমুল উম্মাহ মডেল হিফয বালক ও বালিকা মাদ্রাসার চারজন শিক্ষার্থী বাংলাদেশ তাহ্ফীজুল কুরআন সংস্থার আয়োজিত হিফজ সমাপ্তকারী ৩২তম কেন্দ্রীয় পরীক্ষা–২০২৬ ইং-এ অংশগ্রহণ করে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।
বাংলাদেশ তাহ্ফীজুল কুরআন সংস্থার তত্ত্বাবধানে দেশব্যাপী অনুষ্ঠিত এই কেন্দ্রীয় পরীক্ষায় কঠোর ও মানসম্মত মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের হিফজ, তাজবিদ, মাখরাজ ও দোহরান দক্ষতা যাচাই করা হয়।
এতে অংশ নিয়ে মাতারবাড়ী তা’মিমুল উম্মাহ মডেল হিফয মাদ্রাসার চার শিক্ষার্থীর মধ্যে দুইজন A+ গ্রেড, একজন A গ্রেড এবং একজন A- গ্রেড অর্জন করে মাদ্রাসা ও এলাকার জন্য গৌরব বয়ে এনেছে।
মাদ্রাসা সূত্রে জানা যায়, শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে নিয়মিত দোহরান, কঠোর অনুশীলন ও শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করে। বিশেষ করে হিফজের পাশাপাশি আদব-আখলাক ও নৈতিক শিক্ষার ওপর জোর দেওয়ায় শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নিতে সক্ষম হয়।
এই সাফল্যে মাদ্রাসার মুহতামিম, হিফজ বিভাগের শিক্ষকবৃন্দ ও পরিচালনা পর্ষদ গভীর সন্তোষ প্রকাশ করেছেন। তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, কুরআনের হাফেজ হিসেবে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখাই এই শিক্ষার মূল লক্ষ্য।
অভিভাবকরাও মাদ্রাসার সার্বিক পরিবেশ ও পাঠদানের মানের প্রশংসা করেন এবং এই অর্জনকে এলাকার দ্বীনি শিক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
মাদ্রাসা কর্তৃপক্ষ ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে হিফজ সমাপ্তকারী হিসেবে গড়ে তুলতে শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ ও মানোন্নয়নের উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছে।

