নিজস্ব প্রতিবেদক::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার–২ (মহেশখালী–কুতুবদিয়া) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী, দুইবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মোঃ মাহফুজউল্লাহ ফরিদকে বিজয়ী করার লক্ষ্যে ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় স্থানীয় বাংলা বাজার মাইজ পাড়া এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে ৭নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পথসভাস্থল ঘিরে সাধারণ ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

পথসভায় বক্তারা বলেন, আলহাজ্ব আলমগীর মোঃ মাহফুজউল্লাহ ফরিদ একজন পরীক্ষিত ও জনবান্ধব নেতা। তিনি সংসদ সদস্য থাকাকালে এলাকার শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। জনগণের সুখ–দুঃখে সবসময় পাশে থাকার কারণে আজও তিনি সাধারণ মানুষের আস্থার প্রতীক।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় আগামী দিনের কর্মসূচি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। নেতারা বলেন, প্রতিটি ওয়ার্ড, মহল্লা ও ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলতে হবে এবং বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি তুলে ধরতে হবে।
পথসভা শেষে ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ্ব আলমগীর মোঃ মাহফুজউল্লাহ ফরিদকে বিপুল ভোটে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

