নিজস্ব প্রতিবেদক::
শিক্ষাক্ষেত্রে ধারাবাহিকভাবে ইতিবাচক সংবাদ প্রচার, শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে অবদানের জন্য সংবাদকর্মী এম. এ. কে. রানাকে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করেছে মাতারবাড়ী আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়।

সম্মাননাপ্রাপ্ত এম. এ. কে. রানা দৈনিক রূপালী সৈকত পত্রিকার মহেশখালী প্রতিনিধি, অনলাইন নিউজ পোর্টাল মাতারবাড়ী বার্তা২৪-এর এডিটর এবং মহেশখালী সবখবর-এর মাতারবাড়ী প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে মাতারবাড়ী আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের হল কক্ষে অনুষ্ঠিত বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী আয়োজনে আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার সাখাওয়াত হোছাইন। এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য, শিক্ষার্থীদের অর্জন ও ইতিবাচক কার্যক্রম সংবাদমাধ্যমে তুলে ধরলে শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি হয় এবং সমাজে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে ওঠে। এই ক্ষেত্রে সংবাদকর্মী এম. এ. কে. রানার ভূমিকা প্রশংসনীয় ও অনুসরণযোগ্য।
বক্তারা আরও বলেন, দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতা শুধু খবর পরিবেশনই নয়, বরং শিক্ষা, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এম. এ. কে. রানার মতো সংবাদকর্মীদের এই ধরনের অবদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
সম্মাননা গ্রহণকালে এম. এ. কে. রানা বলেন, এই স্বীকৃতি তার সাংবাদিক জীবনের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তিনি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের ইতিবাচক কার্যক্রম আগামীতেও বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীলভাবে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, মাতারবাড়ী আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

