এম.এ.কে.রানা::
দেশের ক্রীড়াঙ্গনে এক গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করেছে মাতারবাড়ী মগডেইলস্থ সাইরার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী উদীয়মান ফুটবলার মুহাম্মদ সামি। সে সদ্য ঢাকার ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)তে ভর্তির সুযোগ পেয়েছে।
মুহাম্মদ সামি মাতারবাড়ী ইউনিয়নের মগডেইল এলাকার বিশিষ্ট চিকিৎসক ডা. শাহাব উদ্দিনের ছেলে।
খুব অল্প বয়সেই ফুটবলের প্রতি গভীর আগ্রহ তৈরি হয় সামির। স্কুল পর্যায় থেকেই নিয়মিত অনুশীলন, স্থানীয় টুর্নামেন্টে অংশগ্রহণ এবং শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনের মাধ্যমে সে নিজেকে আলাদা করে তুলে ধরে। সামির গতি, বল কন্ট্রোল এবং মাঠে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার বয়সের তুলনায় বেশ পরিণত।
বিকেএসপির কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সুযোগ পাওয়া সহজ নয়। শারীরিক সক্ষমতা, কারিগরি দক্ষতা ও মানসিক দৃঢ়তা সব দিক বিবেচনায় নিয়েই সামিকে নির্বাচিত করা হয়েছে। এই অর্জন শুধু একটি ব্যক্তিগত সাফল্য নয়; এটি মাতারবাড়ী ইউনিয়নের ক্রীড়া সম্ভাবনারও প্রতিফলন।
সামির এই সাফল্যে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় ক্রীড়ানুরাগী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
তারা বিশ্বাস করেন, সঠিক প্রশিক্ষণ ও ধারাবাহিক পরিশ্রমের মাধ্যমে সামি একদিন জাতীয় পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করবে এবং দীপ উপজেলা মহেশখালীর সুনাম দেশের ক্রীড়াঙ্গনে আরও উজ্জ্বল করবে।

