নিজস্ব প্রতিবেদক::
আসন্ন মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তরুণ সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা আসিফ ইকবাল। জনগণের প্রত্যাশা ও সরাসরি সমর্থন পেলে তিনি চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করবেন বলে জানিয়েছেন।

দীর্ঘদিন ধরে মাতারবাড়ীর অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের অধিকার আদায়ে মাঠে সক্রিয় ভূমিকা রেখে আসছেন আসিফ ইকবাল। বিশেষ করে কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকায় স্থানীয়দের চাকরি ও কর্মসংস্থান নিশ্চিত করার দাবিতে তিনি একাধিকবার আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেন। এসব আন্দোলনে অংশ নিতে গিয়ে তাকে কয়েকবার গ্রেফতারও হতে হয়েছে বলে জানা গেছে।

শুধু আন্দোলনেই সীমাবদ্ধ ছিলেন না তিনি। সমাজের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়ে বারবার প্রতিবাদ করেছেন। স্থানীয় পর্যায়ে প্রভাবশালী মহলের চাপ উপেক্ষা করে অন্যায়ের বিরুদ্ধে কথা বলায় তিনি সাধারণ মানুষের আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছেন বলে মনে করছেন স্থানীয়রা।

এছাড়াও শিক্ষা সহায়তা, অসহায় পরিবারের পাশে দাঁড়ানো, যুব সমাজকে সংগঠিত করা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ছোট ছোট উন্নয়নমূলক উদ্যোগে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন তিনি। এলাকাবাসীর ভাষায়, “তিনি কথা বলেন কম, কাজ করেন বেশি” এই ভাবমূর্তিই তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

সম্ভাব্য প্রার্থীতা প্রসঙ্গে আসিফ ইকবাল বলেন, “আমি ক্ষমতার জন্য রাজনীতি করতে চাই না। জনগণ যদি মনে করেন আমি তাদের সেবা করতে পারবো, তাহলে তাদের রায় নিয়েই নির্বাচনে অংশ নেব। মাতারবাড়ীকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।”

এদিকে তার প্রার্থীতা নিয়ে তরুণ সমাজ, শ্রমজীবী মানুষ ও সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাঠের রাজনীতি ও আন্দোলনের অভিজ্ঞতা থাকায় তিনি নির্বাচনে অংশ নিলে প্রতিদ্বন্দ্বিতা হবে বেশ শক্তিশালী।

