নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে স্বাস্থ্য সহকারী সাইদুর রহমানের ওপর অর্তকিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (৯ মার্চ) রাত প্রায় ১টার দিকে মাতারবাড়ী নতুনবাজার এলাকার পূর্ব পাশে আমির উদ্দীনের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহত হন স্বাস্থ্যকর্মী সাইদুর রহমান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত প্রায় ১২টার দিকে স্থানীয় এক জনপ্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে মাতারবাড়ী নতুনবাজার মাঠে যান সাইদুর রহমান। সেখান থেকে ফেরার পথে পূর্বের শত্রুতার জেরে একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়।
অভিযোগ রয়েছে, একাধিক মামলার আসামী মির কাশেম গং এর নেতৃত্বে সিকদার পাড়া এলাকার কাশেমের ছেলে শাকিল, তামিম ও গিয়াস উদ্দীনের ছোট ছেলে বাবুইয়াসহ ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা করে। হামলার সময় তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও পকেটে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।
ভুক্তভোগীর পরিবার দাবি করেছে, পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

