এম.এ.কে.রানা,মহেশখালী
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মুহাম্মদ রিমন।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ৮টার দিকে সৌদি আরব থেকে তার সহকর্মীরা পরিবারের কাছে মৃত্যুর খবর জানান।
নিহত মুহাম্মদ রিমন মাতারবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাজঘাট এলাকার সাবেক মেম্বার পুতুন আলীর নাতি এবং আক্কাস উদ্দীন (ভেট্রা)’র মেজ ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে প্রায় ১২–১৩ বছর আগে রিমন সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তিনি একটি ফলের বাগানে কাজ করতেন। ভিসা জটিলতার কারণে দীর্ঘ এই সময়ে তিনি একবারের জন্যও দেশে ফিরতে পারেননি।
পরিবারের সদস্যরা জানান, গত মাসেও মোটরসাইকেলযোগে কাজে যাওয়ার পথে একবার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন রিমন। সর্বশেষ আবারও সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে সহকর্মীরা জানিয়েছেন।
তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

