এম.এ.কে.রানা,মহেশখালী
কক্সবাজারের মহেশখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় ফরহাদ (৩২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মিজ্জিরপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণ খোন্দকারপাড়া গ্রামের নুরুল হাসেমের ছেলে। তিনি স্থানীয়ভাবে পরিশ্রমী ও ভদ্র স্বভাবের মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে মিজ্জিরপাড়া সড়কে চলাচলের সময় হঠাৎ একটি দুর্ঘটনার কবলে পড়েন ফরহাদ। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, ফরহাদ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার বাবা নুরুল হাসেম বর্তমানে বয়স ও শারীরিক অসুস্থতার কারণে কর্মক্ষম নন। পরিবারের দায়িত্ব প্রায় পুরোটা ফরহাদের ওপরই ছিল।
তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক। হঠাৎ এমন মর্মান্তিক মৃত্যুর খবরে তার বাড়িতে নেমে আসে শোকের ছায়া। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মরদেহ দেখতে গিয়ে স্বজন ও প্রতিবেশীরা শোকে বাকরুদ্ধ হয়ে পড়েন। এলাকাবাসী জানান, অল্প বয়সে পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে তার স্ত্রী-সন্তান ও বৃদ্ধ বাবার ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।
ফরহাদের অকাল মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও গভীর শোকের সৃষ্টি হয়েছে। অনেকেই তার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

