নিজস্ব প্রতিবেদক::
মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হংস মিয়াজির পাড়া এলাকায় রাস্তার জন্য নির্ধারিত জায়গা ছেড়ে না দেওয়ায় সড়ক উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় চলমান সড়ক উন্নয়ন কাজের জন্য প্রয়োজনীয় জায়গা না দেওয়ায় কাজটি বর্তমানে থমকে আছে। অভিযোগ রয়েছে, একটি প্রভাবশালী মহল নিজেদের প্রভাব খাটিয়ে ইচ্ছাকৃতভাবে রাস্তার জায়গা ছেড়ে না দিয়ে উন্নয়ন কাজে বাধা সৃষ্টি করছে। ফলে ঠিকাদারি প্রতিষ্ঠানও কাজ এগিয়ে নিতে পারছে না।

এলাকাবাসীর দাবি, রাস্তার জায়গা নিয়ে বিরোধের মধ্যে প্রভাবশালী ব্যক্তিদের স্থাপনা অক্ষত রেখে পাশের অসহায় ও নিম্ন আয়ের মানুষের ছোট দোকানপাটের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তাদের দোকান সরিয়ে নেওয়ার জন্য নানা ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

স্থানীয়দের ভাষ্য, সড়ক উন্নয়নের নামে প্রভাবশালীদের স্থাপনা অক্ষত রেখে দুর্বলদের ওপর চাপ সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায্য সমাধান নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

এদিকে এলাকাবাসীর আরও অভিযোগ, স্থানীয় এক জনপ্রতিনিধি প্রভাবশালী পক্ষকে রক্ষা করতে নানাভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে এলাকাবাসী কক্সবাজার–২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর ফরিদ এবং মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম-এর হস্তক্ষেপ কামনা করেছেন।
তাদের দাবি, দ্রুত প্রশাসনিক উদ্যোগ নেওয়া হলে সড়ক উন্নয়ন কাজ আবারও স্বাভাবিকভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

