মহেশখালী প্রতিনিধি::
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে পৈতৃক সম্পত্তি দাবি করাকে কেন্দ্র করে সৌদি প্রবাসী লোকমান আজিজের পরিবারের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। একই দিনে দুই দফা হামলার ঘটনায় পরিবারের কয়েকজন সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (১৩ মার্চ) সকাল আনুমানিক ১১টার দিকে মাতারবাড়ী ইউনিয়নের নতুন বাজার কাজী অফিস সংলগ্ন এলাকায় প্রথম দফা হামলার ঘটনা ঘটে। পরে রাতের দিকে আবারও একই পরিবারের ওপর হামলার চেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তাদের বাবা মারা যাওয়ার পর থেকেই পৈতৃক জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার বিচার সালিশ হলেও তারা এখনো নিজেদের অংশের জমি বুঝে পাননি। সম্প্রতি নিজেদের পৈতৃক সম্পত্তির দাবি জানালে তাদের আপন চাচা নেচারুল হক ও কোহিনূর জমি বুঝিয়ে দিতে অস্বীকৃতি জানান।
পরিবারের দাবি, এরপর পূর্বপরিকল্পিতভাবে স্থানীয় সন্ত্রাসী নুরুল হুদা ও নুরুল কাদেরকে সঙ্গে নিয়ে রবিউল হাসান, নাইমুল ইসলাম জয়, বিশাল, এমরানসহ আরও সাত-আটজন সংঘবদ্ধ হয়ে তাদের জায়গায় প্রবেশ করে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন রক্তাক্ত ও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাদের চিকিৎসা দেওয়া হয়।
অভিযোগ রয়েছে, রাতের দিকে আবারও হামলার পরিকল্পনার খবর পেয়ে পরিবারের সদস্যরা মাতারবাড়ী পুলিশ ক্যাম্পে বিষয়টি জানান। পুলিশ ক্যাম্প থেকে দুইজন কনস্টেবল নিরাপত্তার জন্য তাদের সঙ্গে গেলে পথেই আবারও দ্বিতীয় দফা হামলার ঘটনা ঘটে। এতে পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হন।
ভুক্তভোগী পরিবার দাবি করেছে, জমির ন্যায্য দাবি ও বিচার চাওয়ায় ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা তাদের ওপর বারবার আক্রমণ চালাচ্ছে। তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় প্রাণনাশের আশঙ্কা করছেন বলেও জানিয়েছেন।
এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেফতার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
তবে এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

