নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে অন্তত ১৭–১৮ জনের কাছ থেকে প্রায় ৪৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দেলওয়ার হোছাইন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, কানাডা, অস্ট্রেলিয়া, সার্বিয়া, সৌদি আরব ও দুবাইয়ে কাজের ভিসা দেওয়ার কথা বলে তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় যুবকদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা সংগ্রহ করেন। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মাতারবাড়ী নতুন বাজার কাজী অফিস সংলগ্ন এলাকার মৃত মোক্তার হোছাইনের পুত্র দেলওয়ার হোছাইন প্রায় দুই বছর আগে এলাকার বিভিন্ন যুবকের সঙ্গে যোগাযোগ শুরু করেন। তিনি নিজেকে বিদেশে লোক পাঠানোর সঙ্গে জড়িত বলে পরিচয় দিয়ে কানাডা, অস্ট্রেলিয়া, সার্বিয়া, সৌদি আরব ও দুবাইসহ বিভিন্ন দেশে উচ্চ বেতনে চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন।
ভুক্তভোগীরা জানান, দেলওয়ার হোছাইন প্রথমে বিভিন্ন ভিসা প্রসেসিং সংক্রান্ত কাগজপত্র, আবেদনপত্র ও বিদেশি কোম্পানির কথিত অফার লেটার দেখিয়ে তাদের বিশ্বাস অর্জন করেন। পরে ধাপে ধাপে ভিসা প্রসেসিং, মেডিকেল, ফ্লাইট বুকিং ও অন্যান্য খরচের কথা বলে তাদের কাছ থেকে টাকা নিতে থাকেন।
ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন মাতারবাড়ী সিকদারপাড়া এলাকার দেলোয়ার হোছাইন, ওয়াজ উদ্দিন, সেফায়েত হোছাইন, মনহাজিরপাড়া এলাকার এনাম ও নেজাম উদ্দিন, মগডেইল এলাকার ফারুক ও মুহাম্মদ হোসাইন, মাইজপাড়া এলাকার হোছাইনসহ আরও কয়েকজন। তাদের দাবি, প্রত্যেকের কাছ থেকে বিভিন্ন সময়ে ২ থেকে ৪ লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, দেলওয়ার হোছাইন এসব টাকা নিজের কাছে না রেখে তার স্ত্রীর ব্যাংক হিসাবে জমা করতেন। এতে করে তিনি নিজের সম্পৃক্ততা আড়াল করার চেষ্টা করেছেন বলেও ধারণা করছেন তারা।
প্রতারণার শিকার কয়েকজন জানান, বিদেশে যাওয়ার আশায় অনেকেই জমিজমা বিক্রি করেছেন, কেউ আবার আত্মীয়-স্বজন কিংবা স্থানীয়দের কাছ থেকে সুদে টাকা ধার করে দেলওয়ার হোছাইনের হাতে তুলে দিয়েছেন। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও বিদেশে যাওয়ার কোনো ব্যবস্থা না করে তিনি নানা অজুহাত দেখাতে থাকেন।
একপর্যায়ে গত কিছুদিন আগে থেকে দেলওয়ার হোছাইন সম্পূর্ণভাবে আত্মগোপনে চলে যান। তার ব্যবহৃত মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এদিকে ধার-কর্জ করে দেওয়া টাকার জন্য এখন ভুক্তভোগীদের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। ফলে তারা চরম আর্থিক সংকট ও মানসিক চাপের মধ্যে দিন কাটাচ্ছেন।
এ ঘটনায় ভুক্তভোগীরা আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত অভিযুক্ত দেলওয়ার হোছাইনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি কেউ তার অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য দিয়ে তাকে ধরিয়ে দিতে পারলে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছেন তারা।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার এমন ঘটনা বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। একই সঙ্গে বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

