নিজস্ব প্রতিবেদক:
আসন্ন মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে শিক্ষাবিদ, সমাজসেবক ও সংগঠক মাষ্টার সাখাওয়াত হোছাইন-কে চেয়ারম্যান পদে দেখতে আগ্রহ প্রকাশ করছেন স্থানীয় অনেক সচেতন নাগরিক, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক উন্নয়ন, ধর্মীয় কার্যক্রম এবং সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে মাষ্টার সাখাওয়াত হোছাইন এলাকায় একটি পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন। বিভিন্ন সময় সামাজিক উদ্যোগ, শিক্ষা বিস্তার এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমে তার ভূমিকার কারণে অনেকেই মনে করছেন তিনি চেয়ারম্যান পদে দায়িত্ব পেলে ইউনিয়নের সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।
পারিবারিক পরিচিতিঃ
মাষ্টার সাখাওয়াত হোছাইন একটি সুপরিচিত ও রাজনৈতিক ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তার বড় আব্বা মরহুম মোস্তাক আহমদ চৌধুরী মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি দীর্ঘ সময় এলাকায় জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে স্থানীয় উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।
অন্যদিকে তার বড় আম্মা শামীম আরা দুলারী মহেশখালী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি নারী উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় সুপরিচিতি অর্জন করেন।
ছাত্রজীবন ও সাংগঠনিক কার্যক্রমঃ
ছাত্রজীবন থেকেই মাষ্টার সাখাওয়াত হোছাইন বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন। তিনি মাতারবাড়ী ছাত্র ঐক্য পরিষদ (সাবেক ৩ নং ওয়ার্ড)-এর প্রতিষ্ঠাতা হিসেবে তরুণদের ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেন।
পরে তিনি চট্টগ্রামে অবস্থানকালে চট্টগ্রামস্থ মাতারবাড়ী স্টুডেন্টস ফোরামের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন এবং প্রবাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখেন।
রাজনৈতিক অঙ্গনেও তিনি সক্রিয় ছিলেন। তিনি মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং মহেশখালী উপজেলা যুবদলের সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মাতারবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে সাংগঠনিক কার্যক্রমে যুক্ত রয়েছেন।
শিক্ষা ও সামাজিক অবদানঃ
শিক্ষাক্ষেত্রে মাষ্টার সাখাওয়াত হোছাইনের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি মাতারবাড়ী আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এলাকার মেয়েদের শিক্ষার সুযোগ বৃদ্ধি ও শিক্ষার মান উন্নয়নে এই প্রতিষ্ঠানের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
এছাড়া তিনি মাতারবাড়ী উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন সামাজিক ও শিক্ষা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করেছেন।
ধর্মীয় ও সামাজিক নেতৃত্বঃ
ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। তিনি বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া মশরফ আলী সিকদার পাড়া, নয়া পাড়া ও ষাইট পাড়া সমাজ কমিটির সভাপতির দায়িত্বে থেকে স্থানীয় বিভিন্ন সামাজিক সমস্যা সমাধান এবং উন্নয়নমূলক উদ্যোগে নেতৃত্ব দিয়ে আসছেন।
স্থানীয়দের প্রত্যাশাঃ
স্থানীয়দের মতে, একজন শিক্ষাবিদ ও সমাজসেবক হিসেবে মাষ্টার সাখাওয়াত হোছাইনের অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতা মাতারবাড়ী ইউনিয়নের উন্নয়নে কাজে লাগতে পারে। তারা মনে করছেন, তিনি যদি নির্বাচনে অংশ নেন এবং জনগণের ভোটে নির্বাচিত হন, তাহলে শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও জনসেবামূলক কর্মকাণ্ডে নতুন গতি আসতে পারে।
তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান পদে প্রার্থী হবেন কিনা, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

