নিজস্ব প্রতিবেদক::
উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মেডিক্যাল রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) মাতারবাড়ী ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৬-২০২৭ এবং আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে মাতারবাড়ী নতুন বাজারের সালমান মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনছারুল ইসলাম এবং সঞ্চালনা করেন জাইদুল হক। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি রেজাউল আনোয়ার। তিনি তার বক্তব্যে বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিরা দেশের স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখা জরুরি। তিনি নতুন কমিটির নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাঠপর্যায়ে কর্মরত মেডিক্যাল রিপ্রেজেনটেটিভদের নানা চ্যালেঞ্জ মোকাবেলায় একটি শক্তিশালী ও সক্রিয় সংগঠন অত্যন্ত প্রয়োজন। তারা সদস্যদের অধিকার রক্ষা, পেশাগত উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
দ্বি-বার্ষিক কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে আনছারুল ইসলাম সভাপতি, আজিজুল হক সিনিয়র সহ-সভাপতি, জাইদুল হক সাধারণ সম্পাদক, আমান উল্লাহ সাংগঠনিক সম্পাদক এবং মুরাদ হোসেন অর্থ সম্পাদক নির্বাচিত হন।
নবনির্বাচিত সভাপতি আনছারুল ইসলাম তার বক্তব্যে সংগঠনের সকল সদস্যকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সাধারণ সম্পাদক জাইদুল হক বলেন, সদস্যদের স্বার্থ রক্ষা, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং সংগঠনকে আরও গতিশীল করতে তারা একসঙ্গে কাজ করবেন।
অনুষ্ঠানের শেষাংশে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি এবং সংগঠনের সার্বিক কল্যাণ কামনা করা হয়। পরে উপস্থিত সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

