এম.এ.কে.রানা,মহেশখালী।
উৎসবমুখর আনন্দঘন পরিবেশের মধ্যেও ছিল বিদায়ের আবেগ-এমন আবহে মহেশখালী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাতারবাড়ী রাজঘাট রশিদিয়া হাসমতিয়া দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান, দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে হাজি বানচু মিয়া’র সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক নুরুল বশর হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। শুরুতেই দশম শ্রেণির শিক্ষার্থী মো. শাকিল এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। পরে বিদায়ী দাখিল পরীক্ষার্থীদের ফুল দিয়ে সম্মাননা জানায় বর্তমান শিক্ষার্থীরা। এ সময় পুরো প্রাঙ্গণে একদিকে আনন্দ-উৎসবের আমেজ, অন্যদিকে বিদায়ের আবেগঘন মুহূর্ত বিরাজ করে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা কৃষকদলের আহ্বায়ক এইচ.এম. জসিম উদ্দিন, মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য মাষ্টার আলাউদ্দিন, মাতারবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন মানিক, সহকারী শিক্ষক মাষ্টার নাজেম উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দাখিল পরীক্ষার্থীদের জীবনের এই অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত করে-এমন প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন হাফেজ কপিল উদ্দীন। এতে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা, সহপাঠীদের স্মৃতি এবং ভবিষ্যৎ জীবনের প্রত্যাশা তুলে ধরা হয়। অন্যদিকে মাদ্রাসার বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন দশম শ্রেণির শিক্ষার্থী সারজিনা নাছরিন, যেখানে বিদায়ী বড় ভাই-বোনদের জন্য শুভকামনা জানানো হয়।

অনুষ্ঠানের এক পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে স্মারক উপহার তুলে দেওয়া হয়। একই সঙ্গে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ক্রীড়া প্রতিযোগিতায় ছিল দৌড়, লং জাম্পসহ বিভিন্ন ইভেন্ট এবং সাংস্কৃতিক পর্বে হামদ-নাত, কিরাত ও ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
সবশেষে দাখিল পরীক্ষার্থীদের সফলতা, সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা ফারুক আজম। দোয়া শেষে উপস্থিত সবাই বিদায়ী শিক্ষার্থীদের জন্য আন্তরিকভাবে শুভকামনা জানান।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

