নিজস্ব প্রতিবেদক:
মাঠ পর্যায়ে লবণের দাম হঠাৎ কমে যাওয়ায় বড় ধরনের লোকসানের আশঙ্কায় পড়েছেন প্রান্তিক লবণ চাষিরা। এতে করে মহেশখালীর লবণ শিল্পে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ অবস্থায় ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে মহেশখালী লবণ চাষী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের উদ্যোগে শিল্প মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সংগঠনের সভাপতি ও সাংবাদিক হোবাইব সজীবের নেতৃত্বে প্রান্তিক লবণ চাষিরা এ স্মারকলিপি দেন।
রবিবার (১৯ এপ্রিল) বিকেলে রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রীর দপ্তরে স্মারকলিপি জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে চাষিরা উল্লেখ করেন, উৎপাদন খরচ বাড়লেও বাজারে লবণের দাম আশঙ্কাজনকভাবে কমে গেছে। এতে করে তারা উৎপাদন খরচই তুলতে পারছেন না। দ্রুত ব্যবস্থা না নিলে অনেক চাষি লবণ উৎপাদন থেকে সরে যেতে বাধ্য হবেন বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
চাষিরা প্রতি মন লবণের দাম ৩৫০ থেকে ৪০০ টাকা নির্ধারণের দাবি জানান। একই সঙ্গে লবণ খাতকে টিকিয়ে রাখতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, সরকার দ্রুত পদক্ষেপ নিলে প্রান্তিক চাষিরা ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন এবং দেশের লবণ শিল্প স্থিতিশীল থাকবে।

