এম.এ.কে. রানা◾
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৩ জুন কক্সবাজার আগমনকে কেন্দ্র করে মাতারবাড়ী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক ব্যাপক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদের নির্দেশনায় আয়োজিত এ সভায় সফরকে সফল করতে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় মাতারবাড়ী ইউনিয়নের নতুন বাজারস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাতারবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা চৈয়দর। সভা পরিচালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আহসান হাবিব।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন পর জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ এ সফর কক্সবাজারের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। তারেক রহমানের আগমনকে ঘিরে জেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সফরকে সফল করতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে নেতাকর্মীদের সক্রিয় করার পাশাপাশি বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে সাংগঠনিকভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বিভিন্ন ইউনিটের নেতাদের দায়িত্ব বণ্টন, যাতায়াত ব্যবস্থা, শৃঙ্খলা রক্ষা, প্রচার-প্রচারণা, ব্যানার-ফেস্টুন প্রস্তুতকরণ এবং নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া তরুণ ও নতুন প্রজন্মের কর্মীদের সম্পৃক্ত করে কর্মসূচিকে আরও প্রাণবন্ত করার আহ্বান জানানো হয়।
এ সময় বক্তব্য রাখেন মাতারবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা চৈয়দর, যুগ্ম আহ্বায়ক মাষ্টার গোলাম কাদের, যুগ্ম আহ্বায়ক ও প্যানেল চেয়ারম্যান মিজবাহ উদ্দীন মজিদী, যুগ্ম আহ্বায়ক শামসুল আলম, যুগ্ম আহ্বায়ক কাইছারুল ইসলাম, মহেশখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক এইচ.এম. জসিম উদ্দিন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এম. নুরুন নবী, সাবেক সাধারণ সম্পাদক আনচারুল করিম, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক নাজেম উদ্দীন, মাতারবাড়ী ইউনিয়ন জাসদের সভাপতি মাষ্টার নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক মাষ্টার আকতার কামাল এবং মহেশখালী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তায়েব ইলাহী সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাচ্ছে। কক্সবাজার সফর দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন প্রেরণা ও কর্মস্পৃহা সৃষ্টি করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে সফরকে সফল করতে মাতারবাড়ী ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

সভায় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে সফর সফল করতে সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

