নিজস্ব প্রতিবেদক:
এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে মহেশখালী উপজেলা ছাত্রদল। পরীক্ষার্থীদের সুবিধার্থে তথ্য সহায়তা ডেস্ক স্থাপন, শিক্ষা সামগ্রী বিতরণ এবং বিশুদ্ধ ঠান্ডা খাবার পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আতা উল্লাহ বোখারীর নির্দেশনায় মহেশখালী উপজেলা ছাত্রদলের উদ্যোগে উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে এ কর্মসূচি পরিচালিত হয়।

মহেশখালী উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মিজানুর রহমান মিজানের নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রমে পরীক্ষার্থীদের বিভিন্ন তথ্যগত সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি কলম, প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী এবং বিশুদ্ধ ঠান্ডা খাবার পানি বিতরণ করা হয়, যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারেন।

মিজানুর রহমান মিজান বলেন, “শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের পরীক্ষা যেন নির্বিঘ্ন, স্বাচ্ছন্দ্যময় ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। ছাত্রদল সবসময় শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

উপজেলা ছাত্রদল নেতা আবরার চৌধুরী বলেন, “পরীক্ষার্থীদের মানসিক স্বস্তি ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে আমরা এ উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ সময় মহেশখালী উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করেন এবং তাদের সফলতা কামনা করেন। শিক্ষার্থী ও অভিভাবকরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

