নিজস্ব প্রতিবেদক◾
কক্সবাজারের মহেশখালী উপজেলায় শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষায় উপজেলার চারটি কেন্দ্রে মোট ২৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে কোনো কেন্দ্র থেকেই বহিষ্কারের খবর পাওয়া যায়নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাহিদুর রহমান জানান, উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক তদারকিতে সুষ্ঠুভাবে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রে ছিল কঠোর নিরাপত্তা ও পর্যাপ্ত নজরদারি।
তথ্য অনুযায়ী, এইচএসসি পরীক্ষার দুটি কেন্দ্রে মোট ৫৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৪০ জন পরীক্ষায় অংশ নেন এবং ১০ জন অনুপস্থিত ছিলেন।

মহেশখালী সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ২০০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯৭ জন উপস্থিত ছিলেন। সেখানে ৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। অপরদিকে মহেশখালী কলেজ কেন্দ্রে ৩৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪৩ জন পরীক্ষায় অংশ নেন এবং ৭ জন অনুপস্থিত ছিলেন।
আলিম পরীক্ষার কেন্দ্র পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ১৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪৯ জন উপস্থিত ছিলেন। এ কেন্দ্রে ১১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এদিকে কারিগরি শিক্ষা বোর্ডের বিএমটি পরীক্ষার কেন্দ্র আলমগীর ফরিদ টেকনিক্যাল কলেজে ৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৪ জন পরীক্ষায় অংশ নেন। এখানে ২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
সব মিলিয়ে প্রথম দিনে এইচএসসি, আলিম ও বিএমটি পরীক্ষায় মোট ৭৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৬৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ২৩ জন অনুপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, আগামী পরীক্ষাগুলোও সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা ও নজরদারি অব্যাহত থাকবে।

