শহিদুল ইসলাম লিটন, মহেশখালী◾
কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে হাসান রেজা (৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল আনুমানিক ৪টার দিকে ইউনিয়নের লাল মোহাম্মদ শিকদারপাড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত হাসান রেজা ওই গ্রামের বাসিন্দা বাদশা মিয়ার ছেলে। তিনি স্থানীয় কুতুবজোম মগকাটা দারুস সুন্নাহ নূরানী মাদ্রাসার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত পানিতে তলিয়ে যায় হাসান রেজা। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।
হাসান রেজার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

