এম.এ.কে. রানা, মহেশখালী:
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সাইরারডেইল এলাকায় অতিবর্ষণে সৃষ্ট জলাবদ্ধতার মধ্যে বাড়ির জমে থাকা পানি বের করতে গিয়ে আজিজ নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার বাসিন্দা ছাবের আহমেদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই নাজেম উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ জুলাই রাত প্রায় ১১টার দিকে টানা বৃষ্টিতে বাড়ির উঠান ও ঘরে পানি ঢুকে পড়লে তা বের করার উদ্যোগ নেন আজিজ। পানি নিষ্কাশনের সুবিধার্থে তিনি উঠানে ইট ও মাটি দিয়ে পথ তৈরি করছিলেন। একপর্যায়ে দরজার পাশ দিয়ে পানি বের করার সময় কখন তিনি পানিতে পড়ে যান, তা পরিবারের কেউ খেয়াল করেননি।
কিছুক্ষণ পর তার স্ত্রী ঘরের দরজা খুলে বাইরে এসে দেখেন, আজিজ উঠানের জমে থাকা পানিতে অচেতন অবস্থায় ভাসছেন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চকরিয়া সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৯ জুলাই রাত আনুমানিক ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজিজের আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে সাইরারডেইলসহ মাতারবাড়ীর বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক পরিবার এখনও পানিবন্দি অবস্থায় রয়েছে এবং জীবনের ঝুঁকি নিয়ে নিজেদের বাড়িঘর থেকে পানি সরানোর চেষ্টা করছেন।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতিবছর বর্ষা মৌসুমে একই ধরনের দুর্ভোগের মুখোমুখি হতে হয়। তারা দ্রুত জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

