এম.এ.কে. রানা, মহেশখালী:
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া বালিকা দাখিল মাদ্রাসায় তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে মহেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ জুলাই ২০২৬ বিকেল প্রায় ৪টার দিকে মাদ্রাসার সহকারী মৌলভী মো. নাছির উদ্দিনসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা শ্রেণিকক্ষ ও অফিস কক্ষে তালা দিয়ে বাড়িতে চলে যান। পরদিন ৮ জুলাই সকাল প্রায় ৮টার দিকে মাদ্রাসায় এসে তারা দেখতে পান একটি শ্রেণিকক্ষের দরজার তালা ভাঙা এবং ভেতরে রাখা বিভিন্ন মালামাল চুরি হয়ে গেছে।
চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে ৮ কয়েল বৈদ্যুতিক তার, একটি বড় ব্যাটারি ও একটি গ্যাসের চুলা। এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর শিক্ষক ও কর্মচারীরা স্থানীয়ভাবে চুরি হওয়া মালামাল ও চোরদের সন্ধানের চেষ্টা করলেও কোনো তথ্য পাওয়া যায়নি। পরে বিষয়টি মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মহেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগকারী মো. নাছির উদ্দিন তার আবেদনে উল্লেখ করেন, ৭ জুলাই বিকেল ৪টা থেকে ৮ জুলাই সকাল সাড়ে ৭টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা শ্রেণিকক্ষের তালা ভেঙে এসব মালামাল চুরি করে নিয়ে যায়।
এ বিষয়ে মহেশখালী থানা অভিযোগটি গ্রহণ করেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রয়োজনীয় তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

