নিজস্ব প্রতিবেদক◾
লক্ষ্মীপুর জেলায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে প্রশংসা কুড়িয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মাতারবাড়ীর কৃতিসন্তান এসআই আদনান আরিফ রিফাত।
জানা গেছে, সম্প্রতি লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে পরিচালিত মাদকবিরোধী অভিযানে এসআই আদনান আরিফ রিফাতের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। সফল এই অভিযানের পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি স্থানীয়দের কাছ থেকেও তিনি প্রশংসা পাচ্ছেন।
বর্তমানে তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লক্ষ্মীপুর কার্যালয়ে কর্মরত রয়েছেন। দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের জন্য সহকর্মী এবং সাধারণ মানুষের কাছেও তিনি একজন দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত।
আদনান আরিফ রিফাত কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার বাসিন্দা। তিনি মরহুম আবদুল জব্বার মাস্টারের নাতি এবং মো. আলীর ছেলে।
শিক্ষাজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এছাড়া তিনি মাতারবাড়ী উচ্চ বিদ্যালয়ের ২০০৬ ব্যাচের একজন কৃতী শিক্ষার্থী।
নিজ এলাকার একজন কৃতিসন্তান হিসেবে মাদকবিরোধী অভিযানে তার এই সাফল্যে মাতারবাড়ীবাসী আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। স্থানীয়রা আশা করছেন, ভবিষ্যতেও তিনি একই নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশ ও সমাজকে মাদকমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

