নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজার প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সভাপতি, বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বিভিন্ন পত্রিকার সাবেক সম্পাদক ও প্রকাশক, মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সিকদার পাড়া এলাকার কৃতী সন্তান প্রবীণ সাংবাদিক আতাহার ইকবাল আর নেই।
বুধবার (২২ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে কক্সবাজার শহরের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সাংবাদিক আতাহার ইকবাল দীর্ঘদিন ধরে কক্সবাজারের সাংবাদিকতা অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি কক্সবাজার প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি সাবেক সভাপতি ছিলেন। এছাড়া বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবেও তিনি সুপরিচিত ছিলেন।
তাঁর মৃত্যুতে কক্সবাজারের সাংবাদিক সমাজ, শুভানুধ্যায়ী ও মহেশখালীবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বুধবার আছরের নামাজের পর কক্সবাজার শহরের বায়তুশ শরফ মসজিদ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে মাতারবাড়ী বার্তা২৪ সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

