এম.এ.কে.রানা,মহেশখালী◾
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে নতুন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের সরকারি অনুমোদন দেওয়া হয়েছে। বিষয়টিকে স্থানীয়দের দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন এবং নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম সফল বাস্তবায়ন হিসেবে দেখা হচ্ছে।
জানা গেছে, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ-এর আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মাতারবাড়ীতে নতুন ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। প্রয়োজনীয় জমি দ্রুত অধিগ্রহণ করে স্টেশনটির নির্মাণকাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রাপ্ত সরকারি নথি অনুযায়ী, গত ১ মার্চ ২০২৬ তারিখে তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের বিদ্যমান সমস্যা, সমস্যা সমাধানের কৌশল এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত এক সভায় ফায়ার স্টেশনবিহীন ২৭টি উপজেলাসহ কক্সবাজার জেলার মাতারবাড়ী এবং পিরোজপুর জেলার নেছারাবাদের সুটিয়াকাঠী ইউনিয়নের মিয়ারহাট বাজারে নতুন ফায়ার স্টেশন স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। সব মিলিয়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২৯টি নতুন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় “ফায়ার স্টেশন বিহীন উপজেলা/গুরুত্বপূর্ণ স্থানে ২৯টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন” শীর্ষক প্রকল্প গ্রহণ করেছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, বিশেষ শ্রেণির ফায়ার স্টেশনের জন্য ১.৫০ একর এবং ‘এ’ ও ‘বি’ শ্রেণির স্টেশনের জন্য ১.০০ একর জমি অধিগ্রহণের প্রয়োজন হবে। প্রকল্পের ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল) প্রস্তুতের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয় থেকে সম্ভাব্য মৌজার নাম, জমির মূল্য এবং প্রয়োজনীয় মতামত ও সুপারিশ সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
জমি নির্বাচনের ক্ষেত্রে কয়েকটি শর্তও নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রধান সড়ক সংলগ্ন অবস্থান, নিষ্কণ্টক ও উঁচু-সমতল জমি, ধর্মীয় স্থাপনা বা কবরস্থান থেকে দূরত্ব, উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইনের বাইরে অবস্থান এবং স্টেশনের সামনের অংশে প্রায় ২৫০ ফুট প্রশস্ততার ব্যবস্থা।
স্থানীয়দের প্রত্যাশা, শিল্পাঞ্চল, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, গভীর সমুদ্রবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ে দ্রুত বিকাশমান মাতারবাড়ীতে একটি আধুনিক ফায়ার সার্ভিস স্টেশন চালু হলে অগ্নিকাণ্ড, দুর্ঘটনা ও দুর্যোগ মোকাবিলায় জরুরি সেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

