এম.এ.কে.রানা,মহেশখালী◾
আগামী ৯ আগস্ট (রবিবার) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী সফরে আসছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো ও জ্বালানি কেন্দ্র হিসেবে গড়ে ওঠা মাতারবাড়ীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ। তিনি জানান, আগামী ৯ আগস্ট সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাতারবাড়ী টাউনশিপ এলাকায় অবতরণ করবেন। এরপর তিনি চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করবেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে অবহিত হবেন।
এমপি আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ বলেন, “প্রধানমন্ত্রীর এই সফর মাতারবাড়ীর উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে। জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এসব প্রকল্পের অগ্রগতি তিনি সরেজমিনে পর্যালোচনা করবেন।”
জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সফরস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। পাশাপাশি সফর নির্বিঘ্ন ও সফল করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
মাতারবাড়ী বর্তমানে দেশের অন্যতম কৌশলগত উন্নয়ন অঞ্চলে পরিণত হয়েছে। এখানে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, গভীর সমুদ্রবন্দর, বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামোসহ একাধিক বৃহৎ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এসব প্রকল্প দেশের জ্বালানি নিরাপত্তা, শিল্পায়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে মহেশখালী ও মাতারবাড়ীসহ পুরো কক্সবাজার-২ আসনে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যেও সফরকে কেন্দ্র করে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

