এম.এ.কে.রানা, মহেশখালী◾
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে স্ক্র্যাপ মালামাল চুরির চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এ সময় ঘটনাস্থল থেকে আনুমানিক ৪০০ থেকে ৪৫০ কেজি স্ক্র্যাপ মালামাল উদ্ধার করা হয়েছে।
আনসার ও প্রকল্প-সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে প্রকল্পের মগডেইল ডিউটি পোস্ট এলাকায় নিয়মিত টহলের সময় আনসার সদস্যরা ২০ থেকে ২৫ জনের একটি সংঘবদ্ধ চোরচক্রকে স্ক্র্যাপ মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করতে দেখেন।
এ সময় দায়িত্বরত আনসার সদস্য মো. জমির আলী ও নয়ন দেব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চোরচক্রকে ধাওয়া করলে তারা উদ্ধার হওয়া স্ক্র্যাপ ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আনুমানিক ৪০০ থেকে ৪৫০ কেজি স্ক্র্যাপ মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে প্রকল্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে এর আগেও একাধিকবার স্ক্র্যাপ চুরির চেষ্টা হয়েছে। তবে নিয়মিত টহল ও নিরাপত্তা জোরদার থাকায় বেশ কয়েকটি চুরির অপচেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের পাশাপাশি এ ধরনের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

