নিজস্ব প্রতিবেদক::
মাতারবাড়ীতে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে বড় আয়োজন। মরহুম ছিদ্দিক আহমদ চৌধুরী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার আপন চৌধুরীর পৃষ্ঠপোষকতায় আয়োজিত মরহুম সাইফুল কাদের চৌধুরী স্মৃতি ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি–২০২৫-এর পর্দা নামছে মেগা ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে।

আগামী ১৭ জানুয়ারি শনিবার বিকেল ৩টায় মাতারবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনালে মুখোমুখি হবে সাহিলা ফুটবল একাডেমি মাতারবাড়ী ও সাইথ মগডেইল যুব উন্নয়ন ক্লাব মাতারবাড়ী। ফাইনাল ম্যাচটিকে ঘিরে ইতোমধ্যে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।
আয়োজকরা জানিয়েছেন, দর্শকদের জন্য থাকছে উপভোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা। ম্যাচে মাঠ মাতাতে অংশ নিচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়সহ বিদেশি ফুটবলাররাও।
প্রাপ্ত তথ্য মতে, সাইথ মগডেইল যুব উন্নয়ন ক্লাবের হয়ে খেলবেন কক্সবাজার জেলা ফুটবল দলের খেলোয়াড় সাগর, জাতীয় দলের (অনূর্ধ্ব-২৩) মনির আলম, কৌশিক ব্রাদার্স স্পোর্টিং ক্লাব ঢাকার কৌশিক, বাংলাদেশ জাতীয় দলের ইব্রাহিম, ব্রাদার্স স্পোর্টিং ক্লাব ঢাকার জাহেদ, জাতীয় দল (অনূর্ধ্ব-২৩) রিয়াজ উদ্দিন সাগর, ব্রাদার্স স্পোর্টিং ক্লাব ঢাকার মুবিনুল ইসলাম, বাফুফে বি-লিগের খেলোয়াড় হাসান, ব্রাদার্স স্পোর্টিং ক্লাব ঢাকার ফয়সাল, বাফুফে বি দলের হেলাল এবং কক্সবাজার জেলা ফুটবল দলের আরমান, জাহিদুল ইসলাম সহ বিদেশি খেলোয়াড়রা।
আয়োজকদের আশা, জাতীয় ও বিদেশি তারকাদের অংশগ্রহণে ফাইনাল ম্যাচটি হবে স্মরণীয় এবং মাঠভর্তি দর্শকের উপস্থিতিতে মাতারবাড়ীতে তৈরি হবে এক ব্যতিক্রমধর্মী ফুটবল উৎসব।

