এম.এ.কে.রানা,মহেশখালী।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনভর মহেশখালীর ধলঘাটা এলাকায় গণসংযোগ শেষে সন্ধ্যায় সুতুরিয়া বাজারে প্রথম নির্বাচনী পথসভা করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে ধানের শীষের প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় আয়োজিত এ পথসভায় অতীতের মান-অভিমান ভুলে গিয়ে একমঞ্চে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। দীর্ঘদিন পর সব অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এমন ঐক্যবদ্ধ উপস্থিতি দেখে সভাস্থলে সাধারণ মানুষের ঢল নামে।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে আলমগীর ফরিদ বলেন, মহেশখালী ও কুতুবদিয়ার মানুষ পরিবর্তন চায়। তারা ভোটের অধিকার ফিরে পেতে চায়। ধানের শীষ সেই অধিকার আর গণতন্ত্রের প্রতীক। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন ও নির্বাচনী লড়াইয়ে মাঠে থাকার আহ্বান জানান।

স্থানীয় নেতারা তাদের বক্তব্যে বলেন, এই পথসভা প্রমাণ করে দিয়েছে বিএনপি পরিবার এখন ঐক্যবদ্ধ। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষের পাশে দাঁড়াচ্ছে, যা আগামী দিনে নির্বাচনী মাঠে বড় বার্তা দেবে।
পথসভা ঘিরে সুতুরিয়া বাজার ও আশপাশের এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। সমর্থকদের স্লোগান আর উপস্থিত জনতার অংশগ্রহণে পুরো আয়োজনটি রূপ নেয় শক্তিশালী নির্বাচনী শক্তিতে।

