নিজস্ব প্রতিবেদক ::
মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নে এমপির কাছের লোক ও যুবদল নেতা পরিচয়ে মিথ্যা মামলার ভয় দেখিয়ে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ উঠেছে সাপমারার ডেইল এলাকার মৃত সিয়ার আলীর পুত্র রবিউল হোসেন রবি নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, রবিউল হোসেন রবির নেতৃত্বে সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের বসতবাড়িতে হামলা, মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং নানাভাবে ক্ষতিসাধন করে আসছে। বিগত সরকারের সময় তারা নিজেদের আওয়ামী লীগের লোক পরিচয় দিয়ে এসব কার্যক্রম চালাত। সরকার পরিবর্তনের পর একই চক্র এখন বিএনপির লোক যুবদল নেতা পরিচয় দিয়ে নতুনভাবে মানুষের ওপর নির্যাতন শুরু করেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

এলাকাবাসীর আরও অভিযোগ, বর্তমানে ওই ব্যক্তি নিজেকে কক্সবাজার-২ আসনের নবনির্বাচিত এমপির লোক পরিচয় দিয়ে ধলঘাটায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে ধলঘাটার বিএনপি পরিবারের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

ধলঘাটার বিএনপি পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি অতীতে বিএনপির কোনো কমিটির কোনো পদে ছিলেন না। বরং বিগত আওয়ামী লীগ সরকারের সময় দলীয় পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করেছেন। এখন আবার বিএনপির নাম ব্যবহার করে একই কাজ চালিয়ে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে তারা হুঁশিয়ারি দেন।
বিএনপি পরিবারের নেতারা অভিযোগ করে বলেন, রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে ব্যক্তিস্বার্থে সাধারণ মানুষকে নির্যাতন করা দল ও গণতন্ত্র—দুটোরই ক্ষতি করছে। তারা বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নবনির্বাচিত এমপির হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।

ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, মিথ্যা মামলার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে, শান্তিপূর্ণভাবে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। তারা অবিলম্বে এই হয়রানি বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছেন।

