নিজস্ব প্রতিবেদক::
সৌদি আরবে বসবাসরত মাতারবাড়ী ইউনিয়নের প্রবাসীদের উদ্যোগে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত হয়েছেন মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও মাতারবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভেন্ডার রফিকুল ইসলাম।

সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত ২টায় সৌদির ওয়াহেদ আল মিক্স হোটেলে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সৌদি প্রবাসী মো. ফোরকানের সার্বিক সহযোগিতা এবং মো. রাসেদের সঞ্চালনায় আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে মাতারবাড়ী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত প্রায় দুই শতাধিক প্রবাসী অংশগ্রহণ করেন। এতে প্রবাসীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
শুরুতেই সংবর্ধিত অতিথি ভেন্ডার রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন উপস্থিত প্রবাসীরা। এ সময় করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভেন্ডার রফিকুল ইসলাম প্রবাসীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “প্রবাসীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের কষ্টার্জিত রেমিট্যান্স দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাতারবাড়ীর উন্নয়ন ও মানুষের কল্যাণে আমি কাজ করতে চাই, আর সেই পথচলায় প্রবাসীদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।”

তিনি আরও বলেন, “মাতারবাড়ীকে একটি আধুনিক ও উন্নত ইউনিয়নে পরিণত করতে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। আমি নির্বাচিত হলে এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”

অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা তাদের বক্তব্যে ভেন্ডার রফিকুল ইসলামের প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং আগামী নির্বাচনে তাকে বিজয়ী করতে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়াহেদ আল মিক্স হোটেলের ম্যানেজার প্রবাসী মো. ফোরকান, প্রবাসী মো. রাসেদ ও ছালেহ নুরসহ প্রমুখ।

অনুষ্ঠানের শেষপর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে সকল অংশগ্রহণকারী একসাথে নৈশভোজে অংশগ্রহণ করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

