নিজস্ব প্রতিবেদক::
মাতারবাড়ীবাসীর সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী মামুনুল ইসলাম মামুন। ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলতে তিনি মাঠপর্যায়ে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সময় কাটান।

ঈদের পরদিন থেকে শুরু করে ধারাবাহিকভাবে তিনি মাতারবাড়ী ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লা পরিদর্শন করেন। এ সময় তিনি ঘরে ঘরে গিয়ে মানুষের খোঁজখবর নেন, বয়োজ্যেষ্ঠদের সালাম করেন এবং কনিষ্ঠদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময়কালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তিনি খোলামেলা আলোচনা করেন। এলাকাবাসী তাদের নিত্যদিনের সমস্যা, বিশেষ করে সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, বিদ্যুৎ ও পানির সংকট, কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। মনোযোগ দিয়ে এসব কথা শোনেন মামুনুল ইসলাম মামুন এবং সম্ভাব্য সমাধানের আশ্বাস দেন।

তিনি বলেন, “আমি রাজনীতি করতে চাই মানুষের জন্য। জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করাই আমার লক্ষ্য। মাতারবাড়ীকে একটি আধুনিক, উন্নত ও বাসযোগ্য ইউনিয়নে রূপান্তর করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

এ সময় তার সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর, যেখানে ঈদের আমেজের পাশাপাশি আগামীর উন্নয়ন ভাবনাও গুরুত্ব পায়।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ ধরনের জনসংযোগ কার্যক্রম ভবিষ্যতে আরও বাড়বে এবং এতে করে জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে দূরত্ব কমে আসবে।

