এম.এ.কে.রানা,মহেশখালী◾
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া চিশতিয়া সুন্নিয়া নুরানী মডেল মাদ্রাসার অর্ধ-সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং স্টুডেন্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকালে মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ নুর সওদাগর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা আতিক রেজা কাদেরী। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মাস্টার গোলাম কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছকি আলম, বিশিষ্ট ব্যবসায়ী শওকত ইকবাল মুরাদ, সৌদি প্রবাসী ওসমান গনি, জামাল উদ্দিন, মাদ্রাসার প্রধান শিক্ষক কাউছার কাদেরী, দাতা সদস্য মোহাম্মদ আলম এবং সৌদি প্রবাসী ও জমিদাতা আবু নাছের।এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা পর্ব শেষে মাদ্রাসার অর্ধ-সাময়িক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও উপহার তুলে দেন অতিথিরা। ফলাফলে ভালো করা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও অধ্যবসায় ও সুশিক্ষা অর্জনের আহ্বান জানান বক্তারা।

একই অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে স্টুডেন্ট আইডি কার্ড বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, আইডি কার্ড চালুর ফলে শিক্ষার্থীদের পরিচয় নিশ্চিতকরণ, উপস্থিতি ব্যবস্থাপনা এবং শিক্ষা কার্যক্রমে আরও শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।

বক্তারা বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক, যুগোপযোগী ও নৈতিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই মাদ্রাসার মূল লক্ষ্য। কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি প্রজন্ম গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তারা।

তারা আরও বলেন, মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় বিদ্যমান অবকাঠামো সম্প্রসারণ এখন সময়ের দাবি। এ লক্ষ্যে নতুন ভবন নির্মাণ ও শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে সমাজের বিত্তবান, প্রবাসী এবং দানশীল ব্যক্তিদের সহযোগিতার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকেরা এমন আয়োজনকে শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণাদায়ক উল্লেখ করে বলেন, নিয়মিত পুরস্কার ও সম্মাননা প্রদান শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে এবং লেখাপড়ার প্রতি আরও আগ্রহী করে তোলে।

সবশেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, মাদ্রাসার সার্বিক উন্নয়ন, দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

