এম.এ.কে.রানা,মহেশখালী◾
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের নতুন বাজারের পূর্ব পাশ থেকে অভিযান চালিয়ে অনলাইন জোয়ার দুই এজেন্টকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মাতারবাড়ী নতুন বাজার এলাকার পুরাতন সিএনজি স্টেশনের পূর্ব পাশে অবস্থিত ‘বউয়ের জ্বালা’ হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইল এলাকার নাছির উদ্দীনের ছেলে আলফাজ এবং একই এলাকার আমির আলীর ছেলে সাহেদ।
পুলিশ সূত্রে জানা যায়, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার গোপন সংবাদের ভিত্তিতে মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই মোজাহের মিয়ার নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হোটেলের ভেতর থেকে দুইজনকে আটক করা হয়। পরে তাদের থানায় নিয়ে যাওয়া হয় এবং জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার বিস্তার তরুণ সমাজকে বিপথে পরিচালিত করছে। মোবাইল ফোন ও বিভিন্ন অ্যাপের মাধ্যমে পরিচালিত এসব জুয়ার কারণে অনেক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকেই ঋণগ্রস্ত হয়ে পড়ছেন, আবার পারিবারিক কলহ ও সামাজিক অস্থিরতাও বাড়ছে। ফলে অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় সচেতন মহল।
এদিকে পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করছেন, নিয়মিত অভিযান পরিচালিত হলে অনলাইন জুয়ার নেটওয়ার্ক দুর্বল হবে এবং তরুণদের এ ধরনের অপরাধ থেকে দূরে রাখা সম্ভব হবে। একই সঙ্গে অনলাইন জুয়ার মূল হোতা ও পৃষ্ঠপোষকদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই মোজাহের মিয়া বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। পাশাপাশি এ ধরনের অপরাধের বিষয়ে তথ্য থাকলে স্থানীয় জনগণকে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

