নিজস্ব প্রতিবেদক ::
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ-এর গাড়িবহরে থাকা একটি গাড়ির ধাক্কায় মো. খালেদ বিন ওয়ালিদ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বদরখালী ফাজিল মাদ্রাসা সংলগ্ন প্রধান সড়কে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত খালেদ বিন ওয়ালিদ বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাটা এলাকার তেচ্ছাপাড়া জামে মসজিদের পাশের গ্রামের বাসিন্দা। তিনি প্রবাসী আমান উল্লাহ ও সুমাইয়া বেগমের সন্তান। খালেদ স্থানীয় একটি নুরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুতুবদিয়া থেকে মহেশখালী ফেরার পথে এমপি আলমগীর ফরিদকে বহনকারী গাড়িসহ নেতাকর্মীদের আরও দুটি গাড়ি নিয়ে একটি বহর চলছিল। বহরের তৃতীয় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী এক শিশুকে চাপা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকদের প্রাথমিক ধারণা। ঘটনার পর উত্তেজিত জনতা দুর্ঘটনাকবলিত গাড়িটি ভাঙচুর করে।
এমপির গাড়িতে থাকা মহেশখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক রহমান জুয়েল জানান, বহরের সামনে এমপির গাড়ি ছিল। পরে তারা জানতে পারেন পেছনের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এবং এতে একটি শিশু আহত হয়ে পরবর্তীতে মারা যায়।
একই বহরে থাকা মহেশখালীতে কর্মরত সাংবাদিক ফারুক ইকবাল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে এমপি আলমগীর ফরিদ বদরখালী সেতু থেকে প্রায় আধা কিলোমিটার পেছনে ঘটনাস্থলে পৌঁছান। শিশুটির মৃত্যুর খবরে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি ও যাত্রীদের ওপর হামলা ও ভাঙচুর চালায়। এতে অন্তত তিনজন গুরুতর আহত হন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়দের সহায়তায় এমপিকে বহনকারী গাড়িটি নিরাপদে সেতুর ওপারে সরিয়ে নেওয়া হয়। পরে পরিস্থিতি শান্ত হওয়ার অপেক্ষায় তারা কিছু সময় সেখানে অবস্থান করেন।
এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, কুতুবদিয়া থেকে মহেশখালী ফেরার পথে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের একটি গাড়ি বদরখালীতে দুর্ঘটনার কবলে পড়ে। এমপির গাড়িতে নয়, বরং বহরে থাকা একটি গাড়ির ধাক্কায় শিশুটির মৃত্যু হয়েছে।
ঘটনায় গভীর শোক প্রকাশ করে এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

