নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের ব্যক্তিগত সহকারী-কাম-কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পেয়েছেন মহেশখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক রহমান জুয়েল। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জারি করা এক অফিস আদেশে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সংসদ সচিবালয়ের আদেশ অনুযায়ী, তারেক রহমান জুয়েলের নিয়োগ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে কার্যকর হয়েছে। তিনি সংসদ সদস্যের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা, বিভিন্ন প্রশাসনিক সমন্বয়, তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত কাজ, নির্বাচনী এলাকার যোগাযোগ ও প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তার দায়িত্ব পালন করবেন।
তারেক রহমান জুয়েল দীর্ঘদিন ধরে মহেশখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ছাত্ররাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি তিনি দলীয় বিভিন্ন কর্মসূচি, আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রাজনৈতিক অস্থির সময়ে মাঠপর্যায়ে সক্রিয় থাকার কারণে তিনি একাধিক মামলারও আসামি হন বলে দলীয় নেতাকর্মীরা জানান।
সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের রাজনৈতিক কর্মকাণ্ডের বিশ্বস্ত সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তারেক রহমান জুয়েল।
স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, সাংগঠনিক দক্ষতা, দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই তাকে এ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। নিয়োগের খবর প্রকাশের পর মহেশখালী ও কুতুবদিয়ার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য নেতাকর্মী ও শুভানুধ্যায়ী তাকে অভিনন্দন জানান এবং নতুন দায়িত্ব সফলভাবে পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাঠপর্যায়ের একজন পরীক্ষিত সংগঠককে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ দেওয়ায় সংসদ সদস্যের দাপ্তরিক কার্যক্রমের পাশাপাশি নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে যোগাযোগ আরও শক্তিশালী হবে। এতে মহেশখালী ও কুতুবদিয়ার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের সমন্বয় এবং জনসেবামূলক উদ্যোগ বাস্তবায়নেও ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে তারা মনে করছেন।
তারেক রহমান জুয়েল মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মিয়াজির পাড়া গ্রামের বাসিন্দা। তিনি সুলতান আহমদের ছেলে।
ছাত্ররাজনীতি থেকে শুরু করে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার মাধ্যমে তিনি স্থানীয় রাজনীতিতে একজন পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সংসদ সদস্যের দপ্তরের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে কাজ করবেন বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

