আলাউদ্দিন আলো, স্টাফ রিপোর্টার◾
কক্সবাজারে নবগঠিত মাতামুহুরী উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা এলাকায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করতে গ্রামভিত্তিক ওয়াটার সাপ্লাই স্কিম শুভ উদ্বোধন করা হয়েছে। বিশ্বব্যাংকের সহযোগিতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়িত এ প্রকল্পের মাধ্যমে প্রায় ৬৫০টি পরিবারে পাইপলাইনের মাধ্যমে নিরাপদ পানি পাবে। এর ফলে এলাকার প্রান্তিক জনগোষ্ঠী নিরাপদ পানি সেবার আওতায় এসেছে।
সোমবার (৬ জুলাই) দুপুর ১টার দিকে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পানি সরবরাহ স্কিমটি পরিচালনা কমিটির নিকট হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া ও মাতামুহুরি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জামিল ইব্রাহিম চৌধুরী, চকরিয়া ও মাতামুহুরী উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ইফতেখারুল আলম এবং চকরিয়া উপজেলা ও মাতামুহুরী উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আল আমিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাতামুহুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জমির উদ্দিন, মাতামুহুরী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউছুপ বদরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, “নিরাপদ পানির সহজলভ্যতা নিশ্চিত করা জনস্বাস্থ্য সুরক্ষার অন্যতম প্রধান শর্ত। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার শত শত পরিবারের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট দূর হবে এবং জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে।

