আলাউদ্দিন আলো | মাতামুহুরী◾
টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় চকরিয়া ও মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়া-বদরখালী জলমহালের ওপর নির্মিত ৫ ব্যান্ডের স্লুইসগেট পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।
সোমবার (৭ জুলাই) বিকেল ৫টার দিকে তিনি সরেজমিনে স্লুইসগেট পরিদর্শন করে পানি নিষ্কাশন ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় দায়িত্বপ্রাপ্তদের স্লুইসগেট সচল ও খোলা রাখার নির্দেশনা দেন এবং দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি না করার জন্য কঠোরভাবে সতর্ক করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে জলাবদ্ধতা ও বন্যার আশঙ্কা থাকায় স্লুইসগেট খোলা রাখার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। পরবর্তীতে সেই নির্দেশনার আলোকে ইউএনও শাহীন দেলোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ইউএনও শাহীন দেলোয়ার বলেন, পানি নিষ্কাশন যাতে স্বাভাবিক থাকে এবং মানুষের দুর্ভোগ সৃষ্টি না হয়, সে জন্য স্লুইসগেট পরিচালনায় দায়িত্বপ্রাপ্তদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না।

এদিকে, মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরীও স্লুইসগেটের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে যোগাযোগ করে স্লুইসগেট খোলা রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, স্লুইসগেট বন্ধ থাকলে বড় ধরনের দুর্ভোগ সৃষ্টি হতে পারে। এ বিষয়ে দায়িত্বে অবহেলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন মাতামুহুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেয়াইবুল ইসলাম সবুজ, বদরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাদ্দাম হোসেন, ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য গিয়াস উদ্দিনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

