এম.এ.কে.রানা,মহেশখালী◾
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় দুর্ভোগে পড়া মহেশখালী পৌরসভার বিভিন্ন এলাকার পানিবন্দী পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে উপজেলা প্রশাসন। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে মঙ্গলবার দিনব্যাপী পৌরসভার বিভিন্ন জলাবদ্ধ এলাকায় এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম ও পৌর প্রশাসকের নেতৃত্বে পৌরসভার ঘোনাপাড়া, পুটিবিলা, দাসিমাঝিরপাড়া এবং জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অন্যান্য ওয়ার্ডে গিয়ে পানিবন্দী পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় প্রশাসনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।

সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন মহেশখালীর সহকারী কমিশনার (ভূমি) মো. আবু জাফর মজুমদার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও এ সময় উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জলাবদ্ধতার কারণে যেসব পরিবার চরম দুর্ভোগে রয়েছে, তাদের তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে খাদ্যসামগ্রীসহ অন্যান্য প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে আরও সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম বলেন, “দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার। ক্ষতিগ্রস্ত কোনো পরিবার যেন সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কাজ করছে। জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত সকল পরিবারের মাঝে পর্যায়ক্রমে খাদ্য ও অন্যান্য মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হবে।”

উল্লেখ্য, টানা বর্ষণের কারণে মহেশখালী পৌরসভার নিচু এলাকার বহু বসতবাড়ি, সড়ক ও আঙিনা পানিতে তলিয়ে যায়। এতে শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়ে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের এ খাদ্য সহায়তা কার্যক্রম ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

