এম.এ.কে.রানা, মহেশখালী◾
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ১২০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক তৎপরতা ও সাহসিকতায় সংঘবদ্ধ চোরচক্রের বড় ধরনের চুরির চেষ্টা ব্যর্থ হয়েছে। অভিযানে চোরদের ফেলে যাওয়া প্রায় ৫০০ কেজি মূল্যবান লোহাজাতীয় মালামাল উদ্ধার করে প্রকল্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনাটি ঘটে বুধবার (২২ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে। প্রকল্পের মগডেইল ও রাঙ্গাখালি বাঁধ ডিউটি পোস্টের মধ্যবর্তী এলাকায় ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ চোরচক্র গোপনে প্রবেশ করে প্রকল্পের মূল্যবান লোহাজাতীয় মালামাল চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়।
দায়িত্ব পালনরত আনসার সদস্য মো. জমির আলী ও মো. এমজাত হোসেন সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে দ্রুত ঘটনাস্থলে এগিয়ে যান। পরিস্থিতি বুঝতে পেরে তারা কোনো ধরনের ঝুঁকিকে তোয়াক্কা না করে চোরদের ধাওয়া করেন। একই সঙ্গে বাঁশি বাজিয়ে আশপাশে দায়িত্বরত অন্যান্য আনসার সদস্যদের সতর্ক সংকেত দেন।
বাঁশির শব্দ ও আনসার সদস্যদের সমন্বিত অভিযানে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার হয়ে যায়। নিজেদের আটক হওয়ার আশঙ্কায় চোরচক্র চুরি করা মালামাল ফেলে দ্রুত অন্ধকারের মধ্যে পালিয়ে যায়। পরে আনসার সদস্যরা ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ কেজি লোহাজাতীয় মালামাল উদ্ধার করে প্রকল্প কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেন।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার হওয়া মালামাল প্রকল্পের গুরুত্বপূর্ণ নির্মাণসামগ্রীর অংশ, যা চুরি হয়ে গেলে প্রকল্পের আর্থিক ক্ষতির পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও প্রশ্নের মুখে পড়তে পারত। আনসার সদস্যদের দ্রুত পদক্ষেপের কারণে সেই ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
প্রকল্প কর্তৃপক্ষ আনসার সদস্যদের সাহসিকতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছে। তারা জানান, গুরুত্বপূর্ণ এই জাতীয় স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
বর্তমানে মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তায় ১৬০ জন আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। তারা প্রকল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, প্রবেশপথ ও সংরক্ষিত এলাকায় পালাক্রমে নিরাপত্তা নিশ্চিত করছেন।
উল্লেখ্য, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জাতীয় সম্পদ সুরক্ষায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে সংঘটিত এই চুরির চেষ্টা প্রতিরোধের ঘটনাও বাহিনীর পেশাদারিত্ব ও সতর্কতার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

